রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক স্কুলছাত্রী। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রীর নাম সাবা (১৪)। সে কুষ্টিয়া শহরের রিপন শেখের মেয়ে। স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল সে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবা তার মামা সালাউদ্দিনের মোটরসাইকেলে করে রামদিয়া থেকে নারুয়ার উদ্দেশে যাচ্ছিল। বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী মোড় এলাকায় তারা পৌঁছালে পাংশা উপজেলার বহলাডাঙ্গী গ্রামের নাসির উদ্দিনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন জনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাবাকে মৃত ঘোষণা করেন। আহত নাসির উদ্দিনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. হাসমত আলী মিয়া জানান, হাসপাতালে আনার আগেই ওই স্কুলছাত্রী মারা গেছে।









