নরসিংদী জেলা পুলিশের ট্রাফিক বিভাগসহ থানা পর্যায়ে কর্মরত সদস্যদের মাঝে ‘বডি ওর্ন’ ক্যামেরা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন নরসিংদী শহরের ভেলানগর জেলখানা মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম।
এ সময় এসপি বলেন, ‘বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, একজন পুলিশ সদস্য এই মুহূর্তে কোথায় আছেন, কী দায়িত্ব পালন করছেন– সেটা এই ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে নজরদারি করা হবে। পুলিশের কার্যক্রম এতে রেকর্ড থাকবে। পরবর্তী সময়ে ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে।
এ সময় আরও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. যায়েদ শাহরীয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রথম পর্যায়ে সাত থানায় সাতটি এবং ট্রাফিক বিভাগকে আটটি ক্যামেরা দেওয়া হয়েছে।









