গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২তে মো. নাসির মিয়া (৫৫) নামে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি ঢাকার কেরাণীগঞ্জের দক্ষিণ হাসনাবাদ এলাকার বাসিন্দা।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাসির উদ্দীন জানান, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদি নাসির মিয়া বুধবার দুপুরে কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদি নাসির মিয়াকে গত বছরের ১৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে পাঠানো হয়।
গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আব্দুস সালাম সরকার জানান, নাসির মিয়াকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়।
/এআর/








