টাঙ্গাইলের গোপালপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮ মার্চ) বিকালে উপজেলার হেমনগর বাজারে লিটন ও মোশারফ নামের দুই ব্যবসায়ীর গোডাউন থেকে চালগুলো জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে যান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা জানান, গোপন তথ্যের ভিত্তিতে হেমনগর বাজারে দুই চাল ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ১০২ বস্তা চাল জব্দ করা হয়। ব্যবসায়ী লিটনের গোডাউন থেকে ৭৪ এবং ব্যবসায়ী মোশারফের গোডাউন থেকে ২৮ বস্তা চাল জব্দ করা হয়। এ ঘটনায় থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
চালগুলো কোন ডিলারের বিষয়টি জানা যায়নি। তবে উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।









