গাজীপুরর টঙ্গীতে তানিয়া আক্তার (২৬) নামে এক নারী ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ মার্চ) টঙ্গীর শৈলারগাতি এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তানিয়া নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর গ্রামের কাজল মিয়ার মেয়ে এবং টঙ্গীর চেরাগআলী মার্কেটের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের কর্মকর্তা ছিলেন।
টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ জানান, তানিয়া পরিবারের সঙ্গে টঙ্গীর শৈলারগাতি এলাকার হক সাহেবের বাড়িতে ভাড়া থেকে ডাচ বাংলার এজেন্ট ব্যাংকে চাকরি করতেন। বেলা সাড়ে ১১টায় ব্যাংক থেকে বাসায় ফিরে এসে ঘরের দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর তার মা ঘরের সামনে এসে দরজা বন্ধ দেখে কাচের গ্লাসের ফাঁক দিয় ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। তার মায়ের চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এসে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, একইদিন টঙ্গীর পূর্ব থানাধীন পুলিশ মরকুন এলাকা থেকে সজীব (১৯) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলা (যাত্রাবাড়ি) গ্রামের আলাল উদ্দিনের ছেলে এবং টঙ্গীর মরকুন এলাকায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।
জানা গেছে, সজীব তার স্ত্রীকে নিয়ে টঙ্গীর মরকুন এলাকায় জয়নাল হাওলাদারের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন। বিকালে তার স্ত্রী ডাকলেও সাড়া না পেয়ে উঁকি দিয়ে ভেতরে লাশ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেন।
ওসি জাবেদ মাসুদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।









