টানা তিন দিনের ছুটির কারণে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম অংশে বেড়েছে গাড়ির চাপ। এ কারণে চার কিলোমিটারের বেশি সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক এবং যাত্রীরা। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এমন অবস্থার সৃষ্টি হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ থেকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড অংশে তীব্র যানজটের ফলে অনেকে গন্তব্যস্থলে না গিয়ে বাসায় ফিরছেন। অনেক যাত্রীকে বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। এছাড়া গাড়িতে বাড়তি ভাড়া আদায়েরও অভিযোগ করেছেন যাত্রীরা।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, চিটাগাংরোড থেকে কুমিল্লার ২০০ টাকার ভাড়া ২৫০ টাকা করে নেওয়া হচ্ছে। এছাড়া চিটাগাংরোড থেকে চট্টগ্রামের ভাড়া নন এসি গাড়িতে ৪৫০ টাকার পরিবর্তে ৫৫০ টাকা এবং এসি গাড়িতে ৮০০ টাকার ভাড়া ১০০০ টাকা করে নেওয়া হচ্ছে।
যাত্রী ওবায়দুল জানান, সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালের উদ্দেশ্যে সোনারগাঁয়ের মোঘরাপাড়া থেকে তিনি সকাল ৮ টায় রওনা দেন। এক ঘণ্টায় তিনি মদনপুর পর্যন্ত আসতে পেরেছেন।
তীব্র যানজটের বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন, রাতে মদনপুরে একটি সড়ক দুর্ঘটনা হয়। এতে করে কিছু সময় গাড়ি চলাচল বন্ধ ছিল। এছাড়া টানা তিন দিনের ছুটি থাকায় মহাসড়কে গাড়ির বাড়তি চাপ রয়েছে। তবে দুপুরের আগেই যানজট কমে আসবে বলে আশা করেন তিনি।









