মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকার আব্দুল আলিম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে একটি পিকআপের চাপায় একজন নারী শিক্ষক ও প্রথম শ্রেণির ছাত্রী নিহত হয়েছেন। সোমবার (২১ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
নিহতরা হলেন স্কুলটির শিক্ষক ও স্থানীয় ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ফাতেমা নাসরিন (৩৫) এবং প্রথম শ্রেণির ছাত্রী জেরিন তাসনিম (৭)। নিহত তাসনিমের বাবা স্থানীয় সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারি জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম নিহত হন। হাসপাতালে আনার পর শিক্ষক ফাতেমা নাসরিন মারা যান। এছাড়া আহত ছয় জন হাসপাতালে ভর্তি রয়েছেন।









