মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ট্রাকের চাপায় মোক্তার হোসেন (৫০) নামে এক এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২১ মার্চ) দুপুরে উপজেলার শ্রীনগর-দোহার সড়কের কামারগাও পাকা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মোক্তার হোসেন ভাগ্যকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দারোগাবাড়ির রাজ্জাক বেপারীর ছেলে। গত বছর সেনাবাহিনীর সার্জেন্ট পদ থেকে অবসর নেন তিনি।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুরে ছেলেকে খাবার দেওয়ার জন্য মোটরসাইকেলে উত্তর কামারগাঁও বায়তুন নুর হাফিজিয়া মাদ্রাসায় যাচ্ছিলেন মোক্তার। এ সময় দোহার থেকে শ্রীনগরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা ট্রাকটিকে আটক করেছে।
শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘাতক ট্রাক আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।









