বিকালে বাড়ি থেকে বেরিয়ে রাতে ফিরেননি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরহাদ হোসেন (৫০)। পরদিন সকালে প্রতিবেশীর বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেনি পুলিশ। তবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম।
নিহত ফরহাদ হোসেন বরাইদ ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ওই গ্রামের মৃত দারোগ আলীর ছেলে।
পুলিশ এবং স্থানীয়রা জানান, বুধবার বিকালে পাতিলাপাড়া গ্রামের বাড়ি থেকে বের হন ইউপি সদস্য ফরহাদ হোসেন। রাত ১০টার দিকেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ শুরু করেন। রাতে তার সন্ধান মেলেনি। সকালে প্রতিবেশীর বাড়ির পাশে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছান সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলমসহ পুলিশ সদস্যরা।
ওসি আশরাফুল আলম বলেন, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। কেন তাকে হত্যা করা হলো এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









