ঢাকার আশুলিয়ার একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ৩টা আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার শামসুল হকের বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
মৃতরা হলেন—নওগাঁর মান্দা থানার চককেশবপুর এলাকার সামাদ মন্ডলের ছেলে শহীদুল মন্ডল (৩০) ও তার স্ত্রী শাহনাজ পারভীন (২৩)। শাহনাজ স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সাইদুল প্রবাসী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। সকাল গড়িয়ে দুপুর হওয়ার পরও তাদেরকে দেখতে না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় থানায় খবর দেয় তারা। পুলিশ ঘরে ঢুকে শহীদুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় বিছানায় পড়েছিল শাহনাজের লাশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাসের বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনও এক সময় শাহনাজ বিষপানে আত্মহত্যা করেছেন। পরে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করে থাকতে পারেন। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।









