মানিকগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে মা ও ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার (৬ এপ্রিল) দুপুর ২টায় সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হাসনা বেগম (৬০) ও তার ছেলে হাফিজুর রহমান (৩৫)। তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, টাঙ্গাইলের ধুবুরিয়া থেকে ঢাকার গাবতলীর দিকে যাচ্ছিল নিউ ভিলেজ লাইনের একটি যাত্রীবাহী মিনিবাস। দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। আহত হন ১৬ জন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করেন। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আহত ১২ জনকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।









