গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে ৫টি দোকান ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উপজেলার সফিপুর বাজারের একটি পানের দোকানে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দুপুরে সফিপুর কাঁচাবাজার এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে গৌরি পানের দোকানে আগুনের লাগে। পরে তা দ্রুত আশপাশের আরও পাঁচটি দোকানে ছড়ায়। এতে ভাই ভাই ডিমের আড়ত, গবিন্দ টেন্ডার্স, মহাদেব বিস্কুটের দোকান, আব্দুল আলীমের ডিমের দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব মিয়া সফিপুর বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেছেন।









