ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক অংশ থেকে বন্দরের লাঙ্গলবন্দ ছাড়িয়ে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
শনিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে যানজটের সৃষ্টি হয়। সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থানে স্নানোৎসবকে কেন্দ্র করে যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
সানী সাহা নামে একজন বলেন, ‘চাষাঢ়া থেকে রওনা দিয়েছি, কিন্তু সিদ্ধিরগঞ্জ পার হতেই যানজটে আটকা পড়ি। দীর্ঘ দেড় ঘণ্টা বসে থেকে এখন পায়ে হেঁটে রওনা দিয়েছি। গাড়িতে বসে থাকলে আজ পৌঁছতে পারবো না। স্নান করাও হবে না।’
যানজটে আটকা পরে অসুস্থবোধ করেন জয়। তিনি বলেন, ‘বেলা ১১টা থেকে যানজটে আটকে আছি। গরমে বসে থাকতে থাকতে অসুস্থবোধ করছি। তাই বাড়ি ফিরে যাচ্ছি।’
অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন জাকির খান নামে আরেক যাত্রী। তিনি জানান, তীব্র যানজটের ফলে কাঁচপুরে গিয়েই ফিরে এসেছেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে। স্নানোৎসবের কারণে হাজার হাজার মানুষ লাঙ্গলবন্দে সমাবেত হয়েছেন। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, যানজট আরও দীর্ঘ সময় পর্যন্ত থাকতে পারে। কারণ মানুষের ভিড় বাড়ছে। এ বিষয়ে এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।









