গাজীপুরের টঙ্গীতে এসএসসি পরীক্ষার্থীরা প্রবেশপত্র না পেয়ে বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। শনিবার সন্ধ্যায় টঙ্গী মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের শতাধিক এসএসসি পরীক্ষার্থী বিদ্যালয়ের জানালার কাঁচ, চেয়ার, টেবিল ও বেঞ্চ, ভাঙচুর করে পরে সেগুলোতে অগ্নিসংযোগ করে। এ সময় তারা বিদ্যালয়ের গেটের সামনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। পরীক্ষার্থীরা প্রবেশপত্র না পাওয়ায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাইয়ের বিচার দাবি করে বিক্ষোভ করে।
পরীক্ষার্থী জুয়েল রানা, সজীব আহমেদ ও ফারজানা আক্তার জানান, মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই নিজ বিদ্যালয়ের ছাত্র ও নিজ বিদ্যালয়ের নামে অন্য বিদ্যালয়ের ১৪৩ শিক্ষার্থীর নিকট থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করিয়েছেন। পরীক্ষার একদিন আগেও নিজেদের প্রবেশপত্র পায়নি পরীক্ষার্থীরা।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রবেশপত্রের জন্য তারা বিদ্যালয়ে অপেক্ষা করে। কিন্তু প্রধান শিক্ষকের দেখা ও পরীক্ষা দেওয়ার নিশ্চিয়তা না পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ে ভাঙচুর এবং চেয়ার, টেবিল ও বেঞ্চে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। এ সময় তারা প্রধান শিক্ষকের বিচার দাবি করে আগামী সোমবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থার দাবি জানান। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করে।
ওই বিদ্যালয়ের পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জানান, পরীক্ষার ফরম পূরণের জন্য প্রত্যেক পরীক্ষার্থীর নিকট থেকে ছয় হাজার টাকা করে নিয়েছেন প্রধান শিক্ষক। যারা এক বিষয়ে ফেল করেছে তাদের কাছ থেকে এক হাজার টাকা করে বেশি নিয়েছে। শনিবার সকালে প্রবেশপত্র দেওয়ার কথা বলে সবাইকে আসতে বলা হয়। কিন্তু বিকেল পর্যন্ত অপেক্ষা করে আমরা তাকে পাইনি। যার কারণে বিদ্যালয়ের জানালার কাঁচ, চেয়ার, টেবিল ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয়ের ৩০ জন পরীক্ষার্থীসহ অন্যান্য বিদ্যালয়ের মোট ১৪৩ জন পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করান।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
/এমপি/








