গাজীপুরে শিশু আরিয়ান হোসেন সাজ্জাদকে (১৮ মাস) অপহরণের ছয় দিন পর উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। রবিবার (২৪ এপ্রিল) ভোরে স্থানীয় হরিণাচালা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় দুই নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সাজ্জাদ জামালপুর সদর থানার সুনুটিয়া সাধুর পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আনোয়ার হোসেন স্ত্রী শাকিলা বেগম ও তিন সন্তানকে নিয়ে গাজীপুরের কাশিমপুর থানার দক্ষিণ জরুনের ডেল্টার মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
গ্রেফতার তিন জন হলেন- শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নলপোড়া গ্রামের সওদাগর মিয়ার মেয়ে শিমু (২৬), মাগুরা সদর উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে রিনা বেগম (৪০) ও রিনার প্রেমিক জামালপুরের বকশিগঞ্জ উপজেলার গোয়ালগাঁও গ্রামের সিরাজুল মাস্টারের ছেলে মুকিম বিল্লাহ (৪৫)। তারা সবাই গাজীপুরের কাশিমপুর ও কোনাবাড়ি এলাকায় বসবাস করেন।
কাশিমপুর থানার এসআই দীপঙ্কর রায় জানান, আনোয়ার হোসেন দম্পতি স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। সোমবার (১৮ এপ্রিল) আনোয়ারের চাচি ময়ূরীর কাছে সন্তানদের রেখে কর্মস্থলে যান তারা। দুপুরে ছোট ছেলে সাজ্জাদকে দরজার সামনে রেখে গোসল করতে যান ময়ূরী। এ সময় অপহরণের শিকার হয় শিশুটি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে থানায় জিডি করেন। পুলিশ স্থানীয় সিসিটিভির ফুটেজ ও বিভিন্ন তথ্য পর্যালোচনা করে অভিযান চালিয়ে স্থানীয় হরিণাচালা এলাকা থেকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করে।
তিনি আরও জানান, দরজার সামনে খেলা করার সময় শিশুটিকে কৌশলে অপহরণ করে রিকশায় করে নিয়ে যান শিমু। পরে ভুয়া নাম ঠিকানা দিয়ে এফিডেভিটের মাধ্যমে শিশুটিকে ৫০ হাজার টাকার চুক্তিতে রিনা বেগমের কাছে বিক্রি করে। রিনা ও তার প্রেমিক মুকিম দুই জনে চুক্তির ৩০ হাজার টাকা নগদ পরিশোধ করেন। রিনা ও মুকিম নিঃসন্তান বলে জানিয়েছেন। গ্রেফতার শিমু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।









