গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় হারেজ খা (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনা বাজার এলাকায় মোটরসাইকেলযোগে রং সাইড দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
নিহত হারেজ উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের আতশ আলী খার ছেলে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় কাভার্ডভ্যান চালককে আটক করেছে পুলিশ।
মাওনা হইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, ফরিদপুর গ্রাম থেকে মহাসড়কের পূর্ব পাশ (রং সাইড) দিয়ে নগর হাওলা গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন হারেজ। এ সময় ঢাকাগামী দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলকে চাপা দিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলকসহ তিনি সড়কে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা কাভার্ডভ্যান চালক আল-আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তার পরিবারের সদস্যদের কোনও অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।









