গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকার মেসার্স আরপি ট্রেডার্সের গুদামে অভিযান চালিয়ে পাঁচ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এ সময় গুদাম মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১০ মে) দুপুরে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে তেল বিক্রি ও মূল্য তালিকা না থাকায় মেসার্স আরপি ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ওই ট্রেডার্সের তেলগুলো আগের কেনা দাম অর্থাৎ ১৪৩ টাকা দরে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। পরে উদ্ধার করা তেল ন্যায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়। এ সময় ন্যায্যমূল্যে তেল পেয়ে স্বস্তির কথা জানান ভোক্তারা।
ন্যায্যমূল্যে তেল বিক্রির খবর পেয়ে ভোক্তারা সিরিয়ালে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে তেল কিনেন। প্রায় লোকদেরকে সর্বোচ্চ পাঁচ লিটার পর্যন্ত তেল নিতে দেখা গেছে। অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা অংশ নেন।









