নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩০ মে) বিকালে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাহমিদা কাদের এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম সুমন আকন্দ (৪০)। তিনি বরিশালের কতুয়ালি থানার কাওয়ার চর গ্রামের মকবুল আকন্দের ছেলে।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৯ সালের ৩১ আগস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা টাঙ্গাইল শহরতলীর নগরজলফৈ এলাকায় চেকপোস্ট স্থাপন করেন। দণ্ডিত ব্যক্তি ওই পোস্টের কাছে আসার পর তাকে তল্লাশির জন্য র্যাব সদস্যরা থামার সংকেত দেন। এ সময় সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে চারটি জিহাদি বই, একটি স্টিলের ছোড়া, একটি চাকু, লোহার বাটালসহ কিছু দেশীয় অস্ত্র ও মেকানিক্যাল যন্ত্রপাতি উদ্ধার করেন।
র্যাব আরও জানায়- জিজ্ঞাসাবাদে সুমন জেএমবির সদস্য বলে স্বীকার করে। সে ঢাকার রামপুরা এলাকায় অবস্থান করে জঙ্গিবাদের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিল। নাশকতার উদ্দেশ্যে টাঙ্গাইল এসেছিল বলে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে।
আদালতের পিপি আরও বলেন, আটকের পর র্যাব -১২ এর ৩ নম্বর কোম্পানির উপ-সহকারী পরিচালক নাজিম উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে সুমন আকন্দকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াজেদ আলী ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। রায় ঘোষণার সময় দণ্ডিত সুমন আকন্দকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।









