মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে ডাকাতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মজিদকে (৬৬) গ্রেফতার করেছে র্যাব-৪। এই আসামি ১০ বছরের সাজা মাথায় নিয়ে ৩৫ বছর পলাতক ছিলেন।
সোমবার (৩০ মে) সকাল সাড়ে ৪টার দিকে র্যাব-৪ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। আব্দুল মজিদ সদর উপজেলার বেংরুই গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে। কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-৪ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৮৫ সালে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন ছকাই এলাকায় নদীর চরে নির্জন স্থানে দস্যুতার মাধ্যমে এক কাপড় ব্যবসায়ীর কাছে থেকে কাপড় ও নগদ অর্থ ছিনিয়ে নেন আব্দুল মজিদসহ তিন জন। সে ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আরান মল্লিক বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেছিলেন।
মামলা রুজুর কয়েকদিনের মধ্যেই আব্দুল মজিদ পুলিশের হাতে গ্রেফতার হন। পরে তিন মাস ১৬ দিন কারাভোগের পর জামিনে বের হয়ে পালিয়ে যান। এরপর আর আদালতে হাজিরাও দেননি। আসামির অনুপস্থিতিতে আদালত বিচারকার্য সম্পন্ন করে আসামি মজিদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
গ্রেফতারের পর দণ্ডপ্রাপ্ত এই আসামি র্যাবের কাছে জানান, আদালতের দেওয়া সাজা থেকে বাঁচার জন্য প্রথমে যশোরে আত্মগোপন করে বসবাস করতে থাকেন। প্রায় তিন বছর পর অবস্থান বদল করে ঝিনাইদহ গিয়ে দুই বছর এবং পরে ঢাকার আমিনবাজার গিয়ে আরও তিন বছর আত্মগোপনে থাকেন। ১৯৯২ সালে নাম পরিবর্তন করে ফারুক নামে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট এলাকায় জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করতে থাকেন। উক্ত এলাকার লোকজন তাকে ফারুক বেপারী নামে চেনেন। এই সময়ে ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, তাকে গ্রেফতারের পর মানিকগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।









