গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। রবিবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সোহরাব হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ৯৮১ আপ বিটিও তেলবাহী ট্রেন দুপুর পৌনে ১টার দিকে জয়দেবপুর রেলস্টেশন ছেড়ে যায়। জয়দেবপুর লেভেল ক্রসিং পার হওয়ার আগেই ট্রেনের এক বগির সংযোগ হুক ছিঁড়ে পেছনের চার বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। পরে দ্রুত উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।’
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, ‘লেভেল ক্রসিং বন্ধ হয়ে পড়ায় দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে পথচারীরা ঝুঁকি নিয়ে ট্রেনের দুই বগির ফাঁকা স্থান দিয়ে লেভেল ক্রসিং পার হয়েছেন। রেল ক্রসিংয়ের পূর্ব পাশে জেলা প্রশাসক কার্যালয়, গাজীপুর আদালত পাড়া, পুলিশ সুপারের কার্যালয়, ফায়ার সার্ভিস স্টেশন, তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ গুরুত্বপূর্ণ অফিস-আদালত। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সবাইকে সাময়িক দুর্ভোগে পড়তে হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা বগি উদ্ধারের কাজ শুরু করেন। দ্রুত সময়ের মধ্যে লাইনচ্যুত বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করেছেন তারা।’









