গাজীপুরে ইভিটেক্স ড্রেস শার্ট কারখানার শ্রমিক বহনকারী বাসচাপায় শিশু রায়হান (৫) নিহত হয়েছে। রবিবার (১২ জুন) বিকাল ৪টায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বিট অফিস সংলগ্ন স্থানে দুর্ঘটনাটি ঘটে। জয়দেপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রায়হান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মাহল (ঢালবাড়িয়া) গ্রামের রুবেল হোসেনের ছেলে। শিশুটির বাবা শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করে এবং তার মা ইভিটেক্স ড্রেস শার্ট কারখানায় শ্রমিকের কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আনিসুর রহমান বলেন, ইভিটেক্স ড্রেস শার্ট কারখানার শ্রমিক বহনকারী বাস স্থানীয় নিচু জমিতে জমে থাকা পানি দিয়ে ধুয়ামুছা করে কারখানায় ফিরছিল। এ সময় বাঘের বাজার-সিংড়াতলী রাস্তা দিয়ে শিশু দৌড়ে পার হওয়ার সময় ওই বাস ভবানীপুর বিট অফিস সংলগ্ন স্থানে শিশুটিকে চাপা দেয়। পুলিশ স্থানীয়দের সহায়তায় বাস (ঢাকা মেট্রো-ব ১২-১০৮৬) আটক করে থানায় নিয়ে যায়। বাসটি ইভিটেক্স ড্রেস শার্ট কারখানা কর্তৃপক্ষ ভাড়ায় চালিয়ে শ্রমিক আনা-নেওয়া করতো।








