টাঙ্গাইলের ঘাটাইলে শাহজাহান আলী (৬০) ও নূরুল ইসলাম (৫৭) নামে দুই ভাইয়ের লাশ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বিকালে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গারোরচালা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যুতে বিধবা হয়েছেন দুই সহোদর বোন। তারা বিয়েও করেছিলেন একসঙ্গে। মারাও গেলেন একসঙ্গে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গারোরচালা গ্রামের বাসিন্দা কৃষক শাহজাহান আলী ও নূরুল ইসলাম সকালের খাবার খেয়ে ক্ষেতের জমির আইল কাটতে যান। বিকাল হলেও দুই ভাই বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায় বিকালে বাড়ির পাশের পুকুরে শাহজাহানের লাশ ভাসতে দেখেন তার স্ত্রী জায়েদা বেগম। পরে নূরুল ইসলামেরও লাশ উদ্ধার করা হয় একই পুকুর থেকে।
শাহজাহান আলীর স্ত্রী জায়েদা বেগম বলেন, ‘সকালে জমিতে কাজ করতে যান দুই ভাই। বাড়িতে না আসায় আমরা দুই বোন মিলে জমিসহ আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করতে থাকি। পরে বাড়ির পাশের পুকুরে শাহজাহানের লাশ পানিতে ভাসতে দেখি। কিছুক্ষণ পর নূরুল ইসলামেরও লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের লাশ উদ্ধার করা হয়। তাদের মৃত্যুতে আমরা দুই বোন বিধবা হয়ে গেলাম। ’
উপজেলার সন্ধানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ বলেন, ‘ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে।’
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। ধারণা করা হচ্ছে, প্রথমে এক ভাই পুকুরে পড়ে গিয়ে ডুবে যান। এ সময় আরেক ভাই উদ্ধার করতে গিয়ে তিনিও ডুবে যান। মৃতদের পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’









