নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো আলী আকবরে ছেলে তাউসান (৫) ও আলী মিয়ার ছেলে সিফাত হাসান (৫)। তারা সম্পর্কে খালাতো ভাই।
ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার এসআই সুকান্ত দত্ত বলেন, ‘দুই জনের পরিবার পাশাপাশি বসবাস করতো। তারা সম্পর্কে খালাতো ভাই। প্রতিদিনের মতো শিশু দুটি খেলাধুলা করছিল। দুপুর ২টার দিকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজ করে বিকাল সাড়ে ৪ টায় বাড়ির পাশের ছোট একটি ডোবায় এক জনের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে ডোবায় নেমে আরেক শিশুরও লাশ মেলে।’
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ সময় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।









