গাজীপুরে আবুল হাসান রিজন (৩৫) নামে এক অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে মহানগরীর বাসন থানার তেলিপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
আবুল হাসান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামের সিরাজুল হকের ছেলে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সুকুমার পাল জানান, প্রায় ১০ মাস ধরে সপরিবারে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন আবুল হাসান। বুধবার (১৩ জুলাই) মধ্যরাতে বাসায় ফিরে খাবার খেয়ে নিজ ঘরে যান। মধ্যরাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান শাশুড়ি রহিমা বেগম। উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মালেক খসরু খান জানান, খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসান বেশ কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশায় আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।









