নারায়ণগঞ্জের ফতুল্লায় বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে এক কিশোরী (১৭) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ১৩ জুলাই ফতুল্লার পাগলা বৈরাগী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (১৬ জুলাই) বাদী হয়ে তিন জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী। আসামিরা হলো-পাগলা বৈরাগী বাড়ি এলাকার অজয় মন্ডল (২৬), একই এলাকার শাওন (২৭) ও রনি (১৮)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী কিশোরী রাজধানীতে বসবাস করে। তার একটি ছেলে সন্তান রয়েছে। তিন মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। এরপর থেকে বাবার বাড়িতে বসবাস করছিল। গত ১৩ জুলাই বিকালে পাগলা বৈরাগীবাড়ী এলাকায় বান্ধবীর বাড়িতে বেড়াতে আসে। পরদিন সকালে নয়ামাটি দুর্গা মন্দিরের সংলগ্ন এলাকায় বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় আবারও বান্ধবীর বাড়িতে চলে আসে।
রাত সাড়ে ৯টায় খাবার কিনতে বান্ধবীর বাড়ি থেকে বের হয়। রাত পৌনে ১০টায় ফেরার পথে অভিযুক্ত শাওনসহ দুই যুবক তার পথ আটকায়। এ সময় শাওন ছুরি বের করে ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে তাদের সঙ্গে যেতে বলে বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে অভিযুক্তরা। একপর্যায়ে ভুক্তভোগী অজ্ঞান হয়ে পড়ে। রাত ১টায় জ্ঞান ফিরলে আবারও ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দেয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, তিন জনকে আসামি করে মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।









