গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
পাসপোর্ট নিয়ে বাড়ি ফেরার পথে রবিবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার জাঙ্গালিয়াপাড়া গ্রামের সমন আলীর ছেলে মাসুদ হোসাইন (২০) এবং একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে রাহুল হোসেন (২২)।
এসআই সাখাওয়াত ইমতিয়াজ বলেন, মাসুদ ও রাহুল জয়দেবপুর পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নিয়ে মোটরসাইকেলযোগে কালিয়াকৈরের বাসায় ফিরছিলেন। রাহুল মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং মাসুদ পেছনে বসা ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজ পার হয়ে কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ ও রাহুল নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









