সাভার উপজেলা চত্বরে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পাভেল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে, বুধবার গভীর রাতে সাভার পৌরসভার শাহীবাগ এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পাভেল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পুকুরপার গ্রামের হেফজু মিয়ার ছেলে ও সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার এসআই আতিকুর রহমান রাসেল জানান, সাংবাদিক সোহেলের ওপর হামলার ঘটনায় করা মামলার তদন্তে পাভেলের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া মামলার নামীয় দুই আসামি আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সামিউল আলম শামীম ও মহসিন বাবু আদালত থেকে জামিন নিয়েছেন।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, হামলার ঘটনায় প্রকৃতপক্ষে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আমরা কাজ করছি।
উল্লেখ্য, গত রবিবার দুপুর দেড়টার দিকে সাভার উপজেলা চত্বরে সাংবাদিক সোহেলের ওপর হামলা হয়। হামলাকারীরা সোহেলকে বেধড়ক মারধর করে সাভার উপজেলা চেয়ারম্যান মন্জুরুল আলম রাজীবের বাসভবনে অবস্থান নেয়। হামলার দিন রাতে ভুক্তভোগীর মামা আশরাফুল ইসলাম বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন। হামলায় গুরুতর আহত সোহেল রানা সাভার এনাম মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।









