গাজীপুরে কোনাবাড়ীতে উড়াল সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক রিকশাভ্যানচালক নিহত হয়েছেন। আনুমানিক ৪০ বছর বয়সের ওই ভ্যানচালকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় কাভার্ডভ্যান হেলপার সাদ্দাম হোসেনকে (১৯) আটক করেছে পুলিশ।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই উড়াল সেতুর পশ্চিমাংশে দেউয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার এসআই কামরুজ্জামান লিটন জানান, দুপুরে ওই মহাসড়কের কোনাবাড়ীর উড়াল সেতুর পশ্চিমাংশের দেউয়ালিয়া এলাকায় চান্দনা চৌরাস্তাগামী একটি রিকশাভ্যানকে একই দিকগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে পড়ে চালক ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ কাভার্ডভ্যানসহ হেলপারকে আটক করতে পারলেও চালাক পালিয়ে গেছে।









