নারায়ণগঞ্জের ত্বকী হত্যার প্রতিবাদ সভায় আজমেরী ওসমানকে জড়িয়ে বক্তব্য দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে আজমেরীর অনুসারীরা। এসময় তারা বিক্ষোভ থেকে ত্বকীর বাবা রফিউর রাব্বির কুশপুতুল দাহ করে।
বুধবার বিকেলে শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নারায়ণগঞ্জে সচেতন জনগণ’ এর ব্যানারে আজমেরী ওসমান সমর্থকেরা সমাবেশ করে। এসময় বক্তারা বলেন ‘এখন তো কুশপুতুল দাহ করা হয়েছে, প্রয়োজনে বিক্ষুব্ধ জনতা রাব্বির জিহ্বা কেটে নেবে।’
এসময় মঞ্চে বক্তারা আরও বলেন, ঐতিহ্যবাহী ওসমান পরিবারের কর্ণধার আজমেরী ওসমানকে নিয়ে রফিউর রাব্বি যে বক্তব্য দিচ্ছেন তাতে শান্ত নারায়ণগঞ্জকে আবারও উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে। এভাবে বারবার আজমেরী ওসমানকে বিতর্কিত করার চেষ্টা করলেও সচেতন মানুষ ঘরে বসে থাকবে না।’
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুব সংহতির আহ্বায়ক রাজা হোসেন রাজু, জাতীয় সেচ্ছাসেবক পার্টি নেতা আক্তার নুর, চঞ্চল মাহমুদ প্রমুখ।
এর আগে সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সকল হত্যাকারীদের বিচার কর, দ্রুত চার্জশিট দাও’ দাবীতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত প্রদীপ প্রজ্জলন কর্মসূচি পালিত হয়। সেখানে রাফিউর রাব্বি বলেন, ‘তদন্তে বেরিয়ে এসেছে আজমেরি ওসমানের উপস্থিতিতে তার টর্চার সেলে ত্বকীকে হত্যা করা হয়েছে।’
প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে ত্বকী শহরের শায়েস্তাখান সড়কের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে ৮ মার্চ সকালে চাড়ারগোপে শীতলক্ষ্যা নদীর তীরে তার মরদেহ পাওয়া যায়। এ হত্যাকাণ্ডের এখনও পর্যন্ত মামলার অভিযোগ পত্র দেওয়া হয়নি।
/এনএস/এমএসএম/আপ-এআর/








