ঘন কুয়াশার কারণে সোয়া সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়।
পাটুরিয়া ফেরি সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টা থেকে ঘন কুয়াশায় ফেরি চলাচল সস্পূর্ণ বন্ধ হয়ে যায়। এসময় মাঝ পদ্মায় দুইটি ও পাটুরিয়া ঘাটে ১৪টি ফেরি নোঙর করে থাকে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয়ঘাটে অর্ধ সহস্রাধিক যানবাহন আটকা পড়ে।
মহিউদ্দিন রাসেল জানান, সকাল ৮টার পর থেকে আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে দূরপাল্লার যাত্রীবাহী কোচগুলো পারাপার করা হচ্ছে।
ঘাট এলাকায় যানজট দেখা দিলেও দুপুর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
/বিটি/এসটি/








