গাজীপুরের রাজ ওয়াশিং প্লান্ট লিমিটেডের কারখানা থেকে ফুল মিয়া (৪৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় মহানগরীর গাছা থানার ওই কারখানা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তার দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটি মেশিন সংলগ্ন এক্সেলের পাইপের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
ফুল মিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার বাগপাড়া জগতচর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
গাছা থানার ভারপ্রাপ্ত (ওসি) ইব্রাহিম হোসেন জানান, রাজ ওয়াশিং প্লান্ট লিমিটেডের কারখানায় পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার) হিসেবে চাকরি করতেন ফুল মিয়া। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় তিনি রাতের শিফটের কাজে যোগ দেন। শুক্রবার সকালে ডিউটি শেষে দীর্ঘ সময়েও বাসায় না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। তারা বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানান। এক পর্যায়ে দুপুরে কারখানার নিরাপত্তাকর্মীরা তল্লাশি চালিয়ে কারখানার ভেতরে বিশাল আকৃতির ওয়াশিং মেশিনের পেছনে ড্রেনের পাশে তার মস্তকবিহীন লাশ দেখতে পান। তার গলা থেকে বিচ্ছিন্ন মাথাটি ওই মেশিন সংলগ্ন এক্সেলের পাইপের সঙ্গে ওপরে ঝুলছিল। তার পরনে শীতের কাপড় ও পায়ে বুট ছিল। সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি আরও জানান, ফুল মিয়া রাতের শিফটে শীতের কাপড় পরে কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, চলন্ত মেশিনের পাশে কাজ করার সময় তার পরনের কাপড় জড়িয়ে যায়। এতে গলা থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









