৩০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে ‘নারায়ণগঞ্জ ০৭০৯ বাংলাদেশ’ নামের একটি সংগঠন। মঙ্গলবার (১০ জানুয়ারি) গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে ঘুরে অসহায় ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণ, ডনচেম্বার ও খানপুর এলাকাসহ আশপাশের এলাকার অসহায়, পথশিশু, রিকশাচালক, দিনমজুরদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। এছাড়া শহরের মাসদাইর এলাকার দারুল উলুম মহিউস সুন্নাহ নামে একটি মাদ্রাসার এতিমখানায় কম্বল বিতরণ করা হয়েছে।
সংগঠনের সমন্বয়ক মনিরুল ইসলাম মনি বলেন, ‘আমরা ‘‘নারায়ণগঞ্জ ০৭০৯ বাংলাদেশ’’ গ্রুপের বন্ধুরা মিলে ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই শীতে অসহায়-দরিদ্ররা যাতে কষ্ট না পায়, সেই লক্ষ্যে আমরা টাকা জমিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। ৩০০ শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছি। শহরের বিভিন্ন এলাকার অসহায়সহ মাসদাইর এলাকার দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসার এতিমদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।’
শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রিপন সিকদার, রিয়াজ মিয়া, সেলিম সরকার, আরিফ হোসাইন কনক, আতিক হাসান, আতিক শাহীন, ফারজানা মৌ, জাকিয়া, সরোয়ার আলম, ইঞ্জিনিয়ার সবুজ, আশরাফুল, শামীমা সুলতানা সিমা, স্বর্ণা, শেফা জাহান, রায়হান, আরিফ, মোশারফ, ইকরা মনি, জানে আলম, সুমন, আসাদুজ্জামান, রায়হান, সাইফুল ও মনু।









