আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। শুধু বিদেশিরাই যে এই ষড়যন্ত্র করে তা নয়। বিদেশিরা যেন ষড়যন্ত্রের মধ্যে থাকে সেজন্য দেশ থেকে তাদের কান ভারী করছে।
রবিবার (৩০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি আলী কলেজ প্রাঙ্গণে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন সুখে আছে। কিন্তু একটা পক্ষ বলছে যে মানুষ খুবই কষ্টে আছে। আমরাও কিছু বিষয় বুঝি যেমন এখর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। এই অবস্থা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে হয়েছে। আপনারা দোয়া করেন যেন দ্রুত আবার সব ঠিক হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে সেটি বাংলাদেশের জনগণ নির্ধারণ করবেন। সেটিই হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্ব। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি। আমাদের ভবিষ্যৎ আমরা জনগণরাই নির্ধারণ করবো ‘
এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরে বলেন, ‘আমি এই এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। চেষ্টা করেছি এলাকার উন্নয়ন করার। আগামীতেও আমি আপনাদের পাশে থাকতে চাই।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল এহসান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল ভূইয়া কাওসার জীবন, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালসহ প্রান্তিক পর্যায়ের কৃষকেরা। পরে তিনি জেলায় ১ হাজার ৮০০ কৃষকের মাঝে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ উদ্বোধন করেন।









