রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গরু-ছাগল ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতির সময় টাকা রক্ষা করতে পদ্মা নদীতে ঝাঁপিয়ে পড়া গরু ব্যবসায়ী দুলাল পালের (৪৫) লাশ উদ্ধার করেছে করা হয়েছে। ওই ব্যবসায়ী রাজবাড়ী সদর উপজেলার বানিবহ গ্রামের অনিল পালের ছেলে।
বৃহস্পতিবার (৪ মে) বিকাল ৩টার দিকে পদ্মা নদীর মানিকগঞ্জ জেলার হরিরামপুরের বাদলপুর চর এলাকা থেকে ভাসমান অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে নৌ-পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করেন।
লাশ শনাক্ত করেন দুলাল পালের ভাই অনুকুল পাল। তিনি বলেন, মঙ্গলবার বিকাল ৩টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ট্রলারে করে সব ব্যবসায়ী দৌলতদিয়ার দিকে আসছিলেন। দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের অদূরে স্পিড বোটে ১৫-২০ জনের মুখোশধারী ডাকাত দল এসে সবাইকে মারধর করে টাকা লুটপাট করে নিয়ে যায়। দুলাল পাল তিনটি গরু বিক্রির টাকা ও জীবন রক্ষা করতে নদীতে ঝাঁপ দিলে নিখোঁজ হন। বৃহস্পতিবার বিকালে তার লাশটি পাওয়া গেছে।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি জে এম সিরাজুল কবির বলেন, ডাকাতের ভয়ে নদীতে ঝাঁপ দেওয়া গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে এই ডাকাতির সঙ্গে জড়িত সাত জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির নগদ ৩৪ লাখ ৬১ হাজার ৮৪২ টাকা উদ্ধার এবং তাদের ব্যবহৃত স্পিড বোট তল্লাশি করে দেশীয় আগ্নেয়াস্ত্র চারটি, গুলি ১১ রাউন্ড, কাটার একটি ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।








