সাভারের সাদাপুর এলাকার একটি পোশাক কারখানার ভেতরে জাল টাকার ছাপাখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখানে অভিযান চালিয়ে কোটির বেশি জাল টাকা উদ্ধারসহ তিন জনকে গ্রেফতার করেছে। এ সময় বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
বুধবার (২৪ মে) দুপুরে বনগাঁও সাদাপুরের পুরাতন বাড়ির বছির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সাখাওয়াত হোসেনের মালিকানাধীন সাউথ বেঙ্গল অ্যাপারেলস নামের কারখানা থেকে এসব উদ্ধার ও তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- বরিশালের মুলাদী থানার ডিগ্রিরচরের জয়নাল আবেদীন খানের ছেলে ও কারখানা মালিক সাখাওয়াত হোসেন খান (৪৫), শরীয়তপুর জেলার পালং থানার গয়াধর গ্রামের আল ইসলাম সরদারের ছেলে সুজন মিয়া (৩০) ও মুলাদী থানার বয়াতিকান্দি গ্রামের মানিক মোল্লার ছেলে নাজমুল হোসেন (২৪)।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে কারখানাটি পরিচালনা করছেন ওই ব্যক্তি। পোশাক কারখানা হিসেবেই জানতেন স্থানীয়রা। এর আড়ালে জাল টাকার ছাপাখানা রয়েছে তা আজ জানলেন তারা।
অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, আজ সকালে সাভারের অন্ধ মার্কেটের সামনে থেকে জাল টাকা দিয়ে লিচু কিনতে গেলে দোকানদারসহ স্থানীয়রা শনাক্ত করে ও একজনকে আটক করে থানায় খবর দেন। সাভার মডেল থানা পুলিশ আটক ব্যক্তিকে নিয়ে সাভারের বনগাঁওয়ের ওই কারখানায় অভিযান চালিয়ে প্রস্তুত ৫০ লাখ ও প্রিন্ট অবস্থায় ৫০ লাখেরও বেশি টাকার পায়। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে সব জাল টাকা উদ্ধার করে তিন জনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সেখানে সাবেক ব্যাংক কর্মকর্তাসহ কয়েকজনের সহায়তায় এই ছাপাখানা গড়ে তোলে। ঈদুল আজহা উপলক্ষে গরুর হাটে এসব টাকা ব্যবহার করে বিপুল অর্থের মালিক হওয়ার স্বপ্ন দেখছিলেন তারা। তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।









