গাজীপুরের পূবাইলে তেলবাহী ট্রাকচাপায় প্রতিবন্ধী ভিক্ষুক ও তার বাবা নিহত হয়েছেন। শুক্রবার (২৬ মে) বিকালে নগরীর মিরেরবাজার-উলুখোলা সড়কের টিয়া (পূর্বপাড়া) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চালককে আটক করে ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
নিহতরা হলেন- শেরপুরের শ্রীবর্দী উপজেলার জালকাটা গ্রামের উজির আলী ফকিরের ছেলে জলিল হোসেন (৬৪) ও তার ছেলে শহীদ (১৪)। তারা গাজীপুরের পূবাইল এলাকার আইয়ুব আলী পাঠানের বাড়িতে ভাড়া থেকে ভিক্ষাবৃত্তি করতেন।
আটক ট্রাকচালক সুজন মাল্লা (৩৫) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বীর ভাটিয়ানী গ্রামের মৃত চাম্পা মাল্লার ছেলে। তিনি পরিবার নিয়ে নগরীর বাসন থানার নাওজোর এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন।
পূবাইল থানার এসআই মিল্টন কুমার কুন্ডু জানান, ছেলে শহীদকে হুইল চেয়ারে বসিয়ে এলাকায় ভিক্ষা করতেন বাবা। বিকালে ওই এলাকায় ভিক্ষা করার সময় নারায়ণগঞ্জ থেকে গাজীপুরগামী তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।









