গাজীপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুন) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার ও মন্নু গেট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাছা থানার এসআই মনির হোসেন জানান, বিকাল ৪টার দিকে মোটরসাইকেলযোগে এক ব্যক্তি টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় আইইউটির সামনে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে চালক মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একই পিকআপের চাপায় ঘটনাস্থলে নিহত হন। আনুমানিক ৪৫ বছর বয়সের নিহত ওই মোটরসাইকেল চালকের পরিচয় জানা যায়নি।
এসআই মনির হোসেন আরও জানান, একই সময়ে একই সড়কের টঙ্গীর মন্নু গেট এলাকায় ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একই ট্রাকের চাকায় পিষ্ট হন ওই মোটরসাইকেলের চালক আব্দুল হাকিম (৩৭)। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
নিহত হাকিম কুড়িগ্রাম জেলার রৌমারী থানার টাপুর চর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
তিনি আরও জানান, পিকআপ ও ট্রাকসহ দুটি মোটরসাইকেল জব্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









