রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় সজীব মোল্লা (২৪) নামে এক নৌবাহিনীর কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর সোয়া ২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব কল্যাণপুর নতুন রাস্তা এলাকার লোকমান মোল্লার ছেলে। তিনি নৌবাহিনীতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সজীব ও তার বন্ধু সাহিদুল কল্যাণপুর নতুন রাস্তা এলাকা থেকে কল্যাণপুর বাজারের দিকে যাচ্ছিলেন। সজীব মোটরসাইকেল চালাচ্ছিলেন ও সাহিদুল পেছনে বসেছিলেন। তারা কল্যাণপুর বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সজীব মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপরে পড়লে মাইক্রোবাসের চাকা তার মাথার ওপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আর সাহিদুলকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।
নিহত সজীবের বাবা লোকমান মোল্লা বলেন, ‘খুলনার নৌঘাঁটি বানৌজা তিতুমীরে ছয় মাসের ট্রেনিং শেষে চলতি মাসের ৪ তারিখ বাড়িতে আসে সজীব। আরও ছয় মাসের ট্রেনিংয়ের জন্য জুলাই মাসের ৪ তারিখে তার চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সে তার বন্ধু সাহিদুলকে সঙ্গে করে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়।’
আহলাদীপুর হাইওয়ে থানার এসআই রাকিব হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালককে আটক করা যায়নি। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।









