কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে পদযাত্রা করেছে বিএনপি। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের ঈদগাঁ মাঠ থেকে নেতাকর্মীদের বিশাল একটি পদযাত্রা বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের বাগানবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। পদযাত্রা চলাকালে সেখান থেকে বিএনপির তিন নেতাকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- টাঙ্গাইল শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনি পাহেলি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট পাহেলি ও মগড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামালি শাহিন দাবি করেন, আমাদের চলমান পদযাত্রা থেকে সম্পূর্ণ বিনা উসকানিতে তিন জনকে আটক করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। তাদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাদের মুক্তি দাবি করছি।
টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান দাবি করেন, পদযাত্রার আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টির সন্দেহে তিন জনকে আটক করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পদযাত্রা কর্মসুচিতে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন









