রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন যুবলীগ নেতাসহ দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে পৌর শহরের শ্রীপুর এলাকায় ও সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক সৈকত উজ্জামান শুভ গাজী (২৫) ও চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া এলাকার বাসিন্দা লোকমান সরদার (৮৫)। শুভ গাজী বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক সহকারী অধ্যাপক জি এম এ মান্নানের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে পৌর শহরের শ্রীপুর এলাকায় আলগাজ্জালী স্কুলের সামনে চার রাস্তার মোড়ে মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন শুভ গাজী ও তার বন্ধু রাজু শেখ। এ সময় ফরিদপুর থেকে রাজবাড়ীগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা শুভ সড়কের ওপর ছিটকে পড়লে পেছনে থাকা অপর একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় গুরুতর আহত হন মোটরসাইকেলের চালক রাজু শেখ। স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহলাদিপুর হাইওয়ে থানার এসআই আল মামুদ জানান, দুর্ঘটনাকবলিত একটি প্রাইভেটকার আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। তবে অপর প্রাইভেটকারটি পালিয়ে গেছে। লাশ রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
অপরদিকে চন্দনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব জানান, নিজ বাড়ির পাশে মাঠে ছাগল চরাচ্ছিলেন বৃদ্ধ লোকমান সরদার। কিছুটা ক্লান্তি অনুভব করলে তিনি মাঠের পাশে ইটের রাস্তার ঢালুতে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় বালুবাহী একটি ডাম্প ট্রাক ব্যাক গিয়ারে এসে লোকমান সরদারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকের চালকের সহকারী না থাকায় দুর্ঘটনাটি ঘটে।
রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।









