মাদারীপুর পৌর শহরে মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে সবুজ মৃধা (২৯) নামে এক যুবককে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল পৌনে ৬টার দিকে পৌর শহরের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা। আহত সবুজ মৃধা নতুন শহর এলাকার বাদশা মৃধার ছেলে।
হাসপাতাল ও ভুক্তভোগী পরিবার থেকে জানা গেছে, মাদারীপুর পৌর শহরের নতুন শহর এলাকার বাড়িতে ঘুমিয়ে ছিলেন তিনি। হঠাৎ তার মোবাইল ফোনে কল এলে চলে যান বাদামতলায়। এরপর অতর্কিতভাবে কুপিয়ে তার পায়ের ও হাতের রগ কেটে ফেলে দুর্বৃত্তরা। তার চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। পরে মানুষের উপস্থিতি দেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।
তার বাবা বাদশা মৃধা বলেন, আমি অপরাধীদের বিচার চাই। এভাবে একটা মানুষকে কোপাতে পারে না। তারা মানুষ না, পশু।
মাদারীপুর সদর হাসপাতালে মেডিক্যাল কর্মকর্তা ডা. শাওলীন আফরোজ বলেন, বিকালের দিকে সবুজ নামের এক রোগীকে হাসপাতালে আনা হয়েছে। তার হাত, পা ও শরীরের বড় কোপের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে।
সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বাদামতলা এলাকায় সবুজ নামের এক যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে। বিষয়টি শুনেছি। এখনও ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।









