টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় নাঈম মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তার দুই বন্ধু। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরভাবলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাঈম টাঙ্গাইল পৌরসভার বেড়াবুচনা এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে। তিনি টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্বজনদের বরাত দিয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি সফিকুল ইসলাম বলেন, নাঈমসহ তিন বন্ধু মোটরসাইকেলযোগে টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সেতু এলাকায় ঘুরতে আসছিলেন। মহাসড়কের চরভাবলা এলাকায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়। অপর দুই জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।









