নারায়ণগঞ্জের ফতুল্লায় পিকআপ ভ্যানের চাপায় রমিছা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় স্থানীয়রা পিকআপভ্যান চালককে আটক করে পুলিশে দিয়েছে।
শনিবার (২৯ জুলাই) রাত ৯টায় ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমিছা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চরকুদুরী গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী। তিনি স্বামী-সন্তানসহ ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রহুল মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন।
আটককৃত গাড়ির চালক এরশাদ (৩৫) জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার চৌমুহুনী গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থেকে গাড়ি চালান।
নিহতের ছেলে রবিন জানান, তার মা কাপড় বিক্রি করতেন। রাতে মা দোকানে দুধ কিনতে গেলে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপভ্যান তার মাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারেজ শিকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গাড়ির চালক এরশাদকে (৩৫) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









