মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ নেতার জানাজার নামাজে মোবাইল চুরির সময় সুমন মোল্লা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শিবচর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাকে ধরা হয়। পরে তার দেওয়া তথ্যমতে চুরি হয়ে যাওয়া সাতটি মোবাইল উদ্ধার করা হয়।
সুমন মোল্লা (৩০) মাদারীপুর সদর উপজেলার ঘটকচর ইউনিয়নের মোতালেব মোল্লার ছেলে। ঢাকার জুরাইনের হকারি করেন।
চোর চক্রের অন্য সদস্যরা হলেন- শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনপাড়ার ছামসুল হকের ছেলে শাহজাহান, ঢাকার শনির আখড়ার কদমতলীর জসিম (৪০) ও ঢাকার পল্লবীর আনিস (৩৬)।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার জোহরের নামাজের পর শিবচরের শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মুক্তিযুদ্ধকালীন ৭ থানা এরিয়া কমান্ডার, শিবচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিবচর পৌরসভার প্রথম প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের (৮২) জানাজায় হাজারও মানুষ অংশ নেন। প্রচণ্ড ভিড়ের মধ্যে চুরি হয় অসংখ্য মোবাইল।
ওসি জানান, তখন সুমন জানাজায় ইমামতি করা বাহাদুরপুর মঞ্জিলের পীর আবদুল্লাহ মুহাম্মদ হাসানের পকেট থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা পড়ে। পরে স্থানীয়রা তাকে পুলিশে দিলে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সুমন পুলিশকে জানায়, তারা চার জনের একটি দল এই জানাজায় কয়েকটি মোবাইল চুরি করেছে। পরে তার দেওয়া তথ্যমতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে সাতটি মোবাইল উদ্ধার করে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, চোরের এই দলটি ঢাকার বিভিন্ন কবরস্থান, ময়মনসিংহ,বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে বিশিষ্ট ব্যক্তিদের বড় বড় জানাজায় টার্গেট করে সেখানে গিয়ে মোবাইল চুরি করে বলে স্বীকার করেছে। এক্ষেত্রে তারা পরিষ্কার পাঞ্জাবি, পায়জামা পরে- যাতে কেউ সন্দেহ না করে।









