মাদারীপুরের শিবচরের প্রবাসী আসাদ মাদবর মারা যাওয়ার ২৪ দিন পর স্পেন প্রবাসীদের অর্থ সহায়তায় তার লাশ দেশে আনা হয়েছে। শুক্রবার সকালে আসাদের লাশ এসে পৌঁছে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে। সেখান থেকে তার পরিবারের লোকজন অ্যাম্বুলেন্সে করে দুপুরের পর লাশ নিজ গ্রামে নিয়ে আসে।
আসাদ দত্তপাড়া ইউনিয়নের চর বাঁচামারা-সাদিপুর এলাকার বাসিন্দা। দীর্ঘ আট বছর ধরে তিনি স্পেনের একটি ফলের দোকানে কাজ করতেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি রাতে মায়ের সঙ্গে কথা বলে ২৫ ফেব্রুয়ারি দেশে আসার কথা জানান আসাদ। কিন্তু ২ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় নিজ কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে কর্মীরা।
এদিকে লাশ গ্রামে পৌঁছানোর পর আসাদের বাবা-মা, ৩ ভাই ও ৪ বোনের আহাজারিতে চারিদিকে ছিল কান্নার রোল। লাশ দেখতে আশে-পাশের গ্রামের অসংখ্য মানুষ এসে ভিড় জমায়।
পরিবারের লোকজন জানায়, প্রতি মাসে স্পেনে ৭০ থেকে ৮০ হাজার টাকা আয় করতেন আসাদ। খরচ বাদে বাড়িতে ৪০ থেকে ৫০ হাজার করে টাকা পাঠাতেন। দেশে ফিরে পাকা ঘর দেওয়ার কথা ছিল আসাদের, পরিবার থেকে তার বিয়ের চিন্তাও করা হয়েছিল।
নিহতের মা আনোয়ারা বিবি বলেন, আসাদ মারা যাওয়ার আগের রাতেও ফোনে আমার সঙ্গে কথা হয়। তখন সে দেশে আসার কথা বলে। আমি আসাদকে তারাতারি দেশে চলে আসতে বলি।’
আসাদের বাবা হাশেম সরদার বলেন, আমিতো আসাদের সঙ্গে খুব বেশি কথা বলতে পারতাম না। ছেলেরা এসে মোবাইল ধরিয়ে দিলে দু’একটা কথা বলতাম। আর কোনওদিন ওর সঙ্গে কথা বলতে পারবো না।
শুক্রবার বাদ আছর জানাজা শেষে নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
/এআর/








