নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও তিন জন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার ভিটিমরজালে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদীর বেলাব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইয়াসিন ইকবাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম (৫৫), তার নাতি আরিয়ান (৭) ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া (১৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের যাত্রীবাহী বাস ভিটিমরজাল স্থানে সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা নারী, শিশু ও পুরুষ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত চালকসহ তিন জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ও বেলাব ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
ভৈরব হাইওয়ে থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা একজনের লাশ বাড়িতে নিয়ে গেছেন।









