গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘরে থেকে নারী পোশাক কর্মী রিপা আক্তারের (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৮ নভেম্বর) রাতে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার এক ভাড়া বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ঘটনার পর রিপার স্বামী মনির হোসেন পলাতক রয়েছেন। রিপা স্থানীয় গোল্ডেন পোশাক কারখানায় সুইং অপারেটর পদে চাকরি করতেন। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগাড়া গ্রামের মনির হোসেনের স্ত্রী এবং একই জেলার শাহজাদপুর উপজেলার কানিয়াকান্দি গ্রামের বাসিন্দা।
প্রতিবেশি জেসমিন আক্তার বলেন, মনির হোসেনের সাথে প্রায় আড়াই বছর আগে রিপার বিয়ে হয়। স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে আলাদা ছিলেন। পোশাক কারখানায় চাকরি নেওয়ার পর রিপা ঘর ভাড়ার উদ্দেশ্যে বেড়াইদেরচালা এলাকায় আসেন। চাকরি নিয়ে ১৫ দিন তার সঙ্গেই থেকে কারখানায় আসা-যাওয়া করছিলেন রিপা।
বুধবার সকালে অফিসে যাওয়ার সময় রিপার সঙ্গে জেসমিন আক্তারের শেষ দেখা হয়। রাতে ফিরে রিপার ঘরের সামনে জুতা না থাকায় তার সন্দেহ হয়। পরে দরজার নিচ দিয়ে ঘরের মেঝেতে রিপার মরদেহ পড়ে থাকতে দেখেন জেসমিন। পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। সেসময় রিপার স্বামীকে জানানোর চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো: নাসিম বলেন, ওই নারীর মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








