কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের খাইলসা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ রেললাইনের পাত কাটার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সেখানে একটি লাইনের বেশ কিছু অংশ কেটেও ফেলেছে। তবে পুরো পাত কাটতে না পারায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি।
রবিবার (১২ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (১১ নভেম্বর) বিকালের দিকে রেললাইনে পাত কাটার ঘটনাটি রেলওয়ের ওয়েম্যান ও পাহাদারদের চোখে পড়ে। পরে রেলওয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।
স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান আরও জানান, খবর পেয়ে শনিবার রাতে ঢাকা জেলা রেলওয়ে পুলিশের এসপি (পুলিশ সুপার) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি গ্রাম পুলিশদের পালাক্রমে রেলপথ পাহারা দিতে বলেছেন। পাশাপাশি রেলপথের নিরাপত্তায় রেলওয়ে পুলিশকেও সর্বোচ্চ সতর্ক থাকতে এবং পুরো লাইন ট্রলি দিয়ে নিয়মিত চেক করতে বলেছেন।
এদিকে রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, এ রেলপথের নিরাপত্তায় পুলিশ সুপার নানা দিকনির্দেশনা দিয়ে গেছেন। তার নির্দেশনা অনুযায়ী গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের দিয়ে রেলপথের টহল বাড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া রেলওয়ের ওয়েম্যান ও পাহারাদাররাও পাহারায় নেমেছে। ট্রলি দিয়ে টহলের পাশাপাশি রেলপথ নিরাপদ রাখতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, আজ থেকে বিএনপির ৪৮ ঘণ্টার চতুর্থ দফার অবরোধকে সামনে রেখে শনিবার দুর্বৃত্তরা একটি লাইনের পাত কাটার চেষ্টা করেছে। তবে পুরো পাত কেটে অপসারণ করতে পারেনি।









