বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনও নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সোমবার (২৭ নভেম্বর) রাতে তিনি সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।
বেশ কিছুদিন ধরে নানা মহলে অপপ্রচার ছিল, দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি না এলেও রাজবাড়ী-১ আসনের সাবেক এই এমপি তৃণমূল বিএনপি বা স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ধরনের গুঞ্জনের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের কাছে তিনি বিষয়টি স্পষ্ট করেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘জনগণের চাওয়া-পাওয়া উপেক্ষা করে বর্তমান সরকার আবারও ২০১৪ ও ২০১৮ সালের মতো ভুয়া নির্বাচন আয়োজন করেছে। তাদের হীন চক্রান্ত থেকে দেশ ও দেশের অর্থনীতি, গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষার্থে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। সরকার সিংহাসন পতনের আতঙ্কে ভুয়া নির্বাচনের নতুন নাটক উদ্ভাবন করেছে। ২০১৪ সালের বিনা ভোটে অটোপাস ও ২০১৮ সালের নিশিরাতে সিল মারার উৎসবের পরিবর্তে দেশি-বিদেশিদের আইওয়াশ করতে এবার নিজেরা নিজেরা লোক দেখানো প্রতিযোগিতা করে- তৈরি করা হচ্ছে একটি নীলনকশার নির্বাচনী প্রক্রিয়া।’
তিনি বলেন, ‘এই নির্বাচনে অংশগ্রহণের জন্য আমি কোনও চাপ বা প্রলোভনের কাছে মাথা নত করবো না। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পদত্যাগ না করলে বিএনপি নির্বাচনে যাবে না এবং আমারও এই নির্বাচনে অংশগ্রহণ গ্রহণের প্রশ্নই ওঠে না।’









