রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোটকেন্দ্র পাহারা দেওয়া রণজিৎ কুমার দে (৪০) নামের এক গ্রাম পুলিশের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিউটি করছিলেন তিনি। শনিবার সকালে বিদ্যালয়ের পাশের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রণজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি গ্রামের শিবেন্দ্র দে’র ছেলে।
জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য গ্রাম পুলিশ রণজিৎ কুমার চর আড়কান্দি প্রাথমিক বিদ্যালয় আসেন। তার সঙ্গে ওই বিদ্যালয়ের নাইটগার্ড ইউসুফ হোসেন ছিলেন। আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে রনজিত প্রস্রাব করার জন্য স্কুলের পেছনে কাঠবাগানে যায়। প্রায় আধাঘণ্টা পার হয়ে গেলে ফিরে না আসায় রনজিতকে ডাকাডাকি করতে থাকেন নাইটগার্ড। সাড়া না দেওয়ায় বিষয়টি নাইটগার্ড তার স্কুলের ম্যাডাম ও স্থানীয় কিরন মেম্বারকে মোবাইল ফোনে জানাব।
অনেক খোঁজাখুঁজির পর ভোর ৫টার দিকে বিদ্যালয়ের শৌচাগারের পাশে একটি কাঠ বাগানে গ্রাম লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বাইরে এলে অজ্ঞাতরা তাকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
নিহতের স্ত্রী রিতা দে বলেন, নির্বাচনের ডিউটির জন্য শুক্রবার সন্ধ্যার দিকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। শনিবার সকালে আমরা খবর পাই, তার লাশ পাওয়া গেছে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি আলমগীর হোসনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি বাগান থেকে গ্রাম পুলিশ রণজিৎ কুমার দে এর লাশ পাওয়া গেছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।









